৩১ জানুয়ারি থেকে টেলিটক থেকে এইচএসসি ফল রিভিউ

৩০ জানুয়ারি, ২০২১ ২০:০৭  
উৎকণ্ঠার অবসান ঘটিয়ে আগের পরীক্ষার নম্বরের ভিত্তিতে শনিবার ঘোষণা করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। তবে ফলে মনোপুতঃ না হলে আগামী ৩১ জানুয়ারি থেকে রিভিউয়ের আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির নোটিশে জানানো হয়েছে, শুধু টেলিটকের প্রিপেইড মোবাইল থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ফল রিভিউয়ের আবেদন করা যাবে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
রিভিউ আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে REV লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে পিন নম্বর দেওয়া হবে। এরপর মেসেজ অপশনে গিয়ে REV লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য যে কোনো অপারেটরের মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি আবেদনের জন্য ১২৫ টাকা করে ফি নেওয়া হবে।